প্রিন্ট সংস্করণ
০০:০০, ৩১ অক্টোবর, ২০২৬
প্রতিনিয়ত বাগ্মীতার কোলাহলে চুরমার সব—
আকাশ ভাঙ্গে, নদীর পাড়ের মতো।
ঝুরঝুর ঝরে পড়ে চাঁদ!
প্লাবনে প্লাবনে ভাসিয়ে নেয় সকল ইচ্ছেনদী,
স্বপ্নচূড়া ভেঙে খান খান।
রাতের শরীরে জমে ওঠে
বিষন্নতার কালো রঙ।
গভীর ক্ষত বুকে নিয়ে
কেউ চলে যায়!
কেউ জেগে থাকে—
হৃদয়ে ধরে রাখে পরাপৃথিবী!
বিপন্ন স্বপ্নেরা হামাগুড়ি দেয় কখনও
আপাত আড়াল ভেঙে
চুপি চুপি এগোয়...