প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৭ নভেম্বর, ২০২৬
তবু লিখে যাই নৈঃশব্দ্যের বুকে
উপমা ও ব্যঞ্জনার কুহকে কত কথা,
লিখে যাই ঝরাপাতার গোপন ব্যথা।
বুকের পরতে পরতে সাজিয়ে রাখি
অদৃশ্য কত অনুচ্চারিত পদাবলি
মনখারাপের এপিটাফে লিখে রাখি
কত স্বপ্নভাঙা নস্টালজিক পথের ঠিকানা।
কিছু দীর্ঘশ্বাস জমে থাকে অন্তঃপুরে,
কিছু অভিমান ঘুমায় কুয়াশার শবাধারে।
তবু থামে না শব্দের অভিযাত্রা,
বিষাদের ভেতর খুঁজি অনাগত আলোর বীজ;
ধ্বংসের ভস্মেও খুঁজি সৃষ্টির অঙ্কুর,
বিরহের অতলে জাগুক অনুভবের নবদিগন্ত।
আজও কবিতারা জ্যোৎস্না মেখে
নেমে আসে তোমার শিশিরভেজা উঠোনে,
অনূঢ় পঙক্তিগুলো উচ্চারিত হোক
তোমার কণ্ঠে, বিভ্রান্ত পথের সীমানা মুছে
কোনো এক হেমন্তে সোনালি ধানের ক্ষেতে।