প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৮ নভেম্বর, ২০২৬
হেমন্ত খুব দ্রুত পার হয়ে যাচ্ছে শাহবাগ
একটা ধূসর বাজপাখি অনর্গল তাকিয়ে
দেখছে নাগরিক নৈঃশব্দ
অসম্ভব এক মানচিত্র ঝুঁকে আছে যন্ত্রণার ভারে
কোলাহল দিয়ে সাজানো প্রতিটি রেখা
ঝিমোচ্ছে কাক আর পথশিশু
একটা ইঁদুর অনন্তের দিকে ছুটে যাচ্ছে
দুজন ভিক্ষুক গান গাইছে প্রস্তুর সীমায়
হেমন্ত কখন আসে কখন যায় কেউ জানে না
কখনো ট্রাকের সিংয়ের উপর উত্তরায়
কখনো বসুন্ধরায় বহুতল ভবনের জানালায়
কখনো রমনার নিঃসঙ্গ বেঞ্চে তার দেখা মেলে
হেমন্ত হয়তো যেতে চেয়েছিল যেখানে নদী গান গায়
পাতার মুকুট পরে নাচে কাঠবেড়ালি
কিন্তু কৃষ্ণবর্ণ ক্ষুধা তাকে তাড়িয়ে আনে শহরে
হেমন্ত একদিন ঠিকই খুঁজে নেবে
তার নিজের বাড়ি কোনো আঁধার ভাঙা ভোরে