
টিসিবির পণ্য বিক্রয়েও অবহেলার শিকার হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর পণ্য ক্রয় থেকে প্রায় দেড় বছর ধরে বঞ্চিত রয়েছে হাটহাজারী উপজেলার ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের সাধারণ জনগণ। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো টিসিবির কম দামের পণ্য সুবিধা থেকে বঞ্চিত হয়ে আজ দেড় বৎসর দুর্ভোগে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির পণ্য সব ইউনিয়নের জন্য উন্মুক্ত থাকলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে উত্তর মাদার্শা ইউনিয়নে টিসিবির পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর আগে স্মার্ট কার্ড চালুর কথা বলে পুরাতন কার্ড সংগ্রহ করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। এরপর থেকে আর এই ইউনিয়নে টিসিবির পণ্য সরবরাহ শুরু হয়নি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার উপজেলা প্রশাসনকে অবহিত করলেও এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ সময়ের মধ্যে বেশ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হয়ে অন্যত্র চলে গেলেও উত্তর মাদার্শা ইউনিয়নের মানুষ টিসিবির পণ্য সুবিধা থেকে বঞ্চিতই রয়ে গেছে। এ ব্যাপারে উত্তর মাদার্শা ইউনিয়নের ইউপি সদস্য কাজি আবু তালেব বলেন, স্মার্ট কার্ড করার কথা বলে আমরা পুরাতন টিসিবি কার্ডগুলো সংগ্রহ করে উপজেলায় জমা দিয়েছিলাম। এরপর বহুবার উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও আমাদের ইউনিয়নে টিসিবির পণ্য সরবরাহ চালু করা হয়নি। অন্যান্য ইউনিয়নের মানুষ টিসিবির কম দামে পণ্য কিনতে পারলেও আমাদের ইউনিয়নের মানুষ সেই সুবিধা পাচ্ছে না।
এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের প্রশাসক শাহেদ আরমান জানান, এই বিষয়ে অবগত হয়েছি। আমি দায়িত্ব নিয়েছি মাত্র কিছু দিন হচ্ছে। যেহেতু পূর্বে সচিব অবসরে গেছে। তারপরও পূর্বে সচিব ও বর্তমান সচিবকে তলব করেছি। পূর্ণাঙ্গ বিষয়ে জেনে পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন বলেন, ইউনিয়নের টিসিবি কার্যক্রম বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। আমরা উপজেলা প্রশাসন টিসিবিকেও তালিকা আপলোড করে সমন্বয় করে করার জন্য তাগাদা দিয়েছি। যথাযত কর্তৃপক্ষ জানিয়েছেন যাচাই বাচাই করে পর্যায়ক্রমে দেওয়া হবে।