ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

তারেক রহমানের আগমন ঘিরে ফেনীতে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

তারেক রহমানের আগমন ঘিরে ফেনীতে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ২৫ জানুয়ারি ফেনী পাইলট হাই স্কুল মাঠে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সমাবেশ ঘিরে ফেনী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে ব্যাপক সংখ্যক লোকজনের সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তার প্রথম কর্মসূচি। ২০০৬ সালে সর্বশেষ ফেনী জেলার ছাগলনাইয়ায় এসেছিলেন তারেক রহমান। তখন ছাগলনাইয়ার বিশিষ্ট শিল্পপতি এমএ কাশেমের পুত্র তারেক স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় ২০ বছর পর ফেনীতে আসছেন তিনি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেন, আগামী ২৫ জানুয়ারী ফেনী পাইলট হাই স্কুল মাঠে বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যানের ফেনীতে এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও উজ্জ্বীবিত। এরইমধ্যে প্রস্তুতি সভা হয়েছে। বিভিন্ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে ও সু-শৃঙ্খল-শান্তিপূর্ণ সমাবেশ করতে উপ-কমিটি গঠনসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেনীবাসী তাকে একনজর দেখার ও বক্তব্য শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সমাবেশে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ফেনীসহ দেশবাসীর জন্য তার পরিকল্পনার কথা জানাবেন। এদিকে গত মঙ্গলবার বিকালে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- ফেনী-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, গাজী মনির আহমেদ ও অ্যাডভোকেট সাহানা আক্তার সানু। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এমএ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ জেলা ও উপজেলা নেতারা।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের ফেনীর এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের শক্তিশালী অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এই সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে। ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার বলেন, দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেনীর কর্মসূচি সফল করতে যুবদলের পক্ষ থেকে বিশেষ ভূমিকা থাকবে। দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সমাবেশে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এছাড়াও প্রস্তুতি সভায় বক্তারা বলেন, আগামী ২৫ জানুয়ারি রোববার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের তার নানার এলাকায় ফেনীতে আগমনে শহরে পোস্টার ব্যানারে যেন ছেয়ে না যায়। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশটা সফল করতে চাই। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন যেন না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে। এটি হবে স্মরণকালের একটি সর্ববৃহৎ সমাবেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত