ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে কক্সবাজারে গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ গতকাল বৃহস্পতিবার সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হয়েছে। কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মন্নান। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক আব্দুল মন্নান বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনের সার্বিক প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আমাদের যে নির্বাচন পরিচালনা মেকানিজম রয়েছে, সেখানে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা প্রশাসনের কাজকে আরও গতিশীল ও সুন্দর করবে। জেলা প্রশাসক আরও বলেন, এই নির্বাচন জনগণের জন্য। আমরা প্রশাসনের কর্মকর্তারা বাইরের হলেও আপনারাই এখানকার মানুষ, এখানেই থাকবেন। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কক্সবাজারের যাতে বদনাম না হয়, সে ব্যাপারে তিনি সব সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা ছিল, তা কাটিয়ে দেশ এখন একটি সুসংগঠিত নির্বাচনি পর্যায়ে এসেছে।

তিনি বলেন, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫৯৮টি কেন্দ্রে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ছোটখাটো বা বিচ্ছিন্ন কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে ফলাও করে সংবাদ পরিবেশন করলে অনেক সময় তা উপকারের চেয়ে অপকার ডেকে আনে। তিনি কক্সবাজারে একটি ‘মডেল নির্বাচন’ উপহার দিতে সাংবাদিকসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

ভুয়া তথ্য ও গুজব প্রসঙ্গে জেলা প্রশাসক বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভুয়া তথ্যের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো বিভ্রান্তিকর তথ্য পেলে সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত