ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের দাফন সম্পন্ন

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের দাফন সম্পন্ন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব প্রয়াত এম হাফিজ উদ্দিন খানের (৮৯) দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মাঠে জানাযা শেষে ওই কবরস্থানে তার দাফন করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী (ধানের শীষ) ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী (দাঁড়িপাল্লা) মুহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ঢাকার উত্তরায় ১ নম্বর সেক্টরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

গত শুক্রবার সকালে ঢাকা থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড় মহল্লায় তার লাশ নিয়ে আসা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডা প্রবাসী ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ওই মহল্লার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ছিলেন।

এছাড়াও তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯৯ সালে অবসর গ্রহণের পর থেকে উত্তরার বাসভবনে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত