
বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর-মানিকপুরে গণসংযোগে এসে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান সবার একই পরিণতি হবে- এমন হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, অহরহ আচরণ বিধি লঙ্ঘন হলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। অদৃশ্য কারণে প্রশাসন আইনের প্রয়োগ ঘটাচ্ছে না। এতে করে প্রশাসন নিরপেক্ষ কি না প্রশ্নের তৈরি হয়েছে। আমরা আইনের কার্যকর দেখতে চাই।
সমতল ভূমি না হলে সুষ্ঠু নির্বাচনের বাধা তৈরি হতে পারে। তিনি গতকাল সকালে কক্সবাজার জামায়াতে ইসলামী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, উপকূলীয় জলদস্যুদের গ্রেপ্তার করা না হলে নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হবে। ফ্যাসিবাদের কিছু চিহ্নিত মানুষকে কিছু কিছু প্রার্থীর সঙ্গে দেখা যাচ্ছে। প্রশাসনের কিছু কর্মকর্তা খোলস পাল্টিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন- সাবেক জেলা আমির মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, কক্সবাজার ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর, আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম।