
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ, হেলপার রাশেদ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের সঙ্গে একটি ইটভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। এতে ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন।