
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের সময় রাশেদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তার বাড়ি পাটগ্রাম উপজেলা বাউড়া এলাকায়। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্পের অধীন ৮০১/১১ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাশেদুল ইসলাম। এ সময় ভারতীয় ৩০ বিএসএফ এর নিউ কুচলিবাড়ি ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি নাজমুল ইসলাম।
পাটগ্রাম উপজেলার আওতাধীন ৬১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি বলেন, আটক বাংলাদেশিকে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।