
র্যাবের যৌথ অভিযানে রংপুরের তারাগঞ্জ থানার জোড়া খুনের মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে। গতকাল রোববার দুপুরে র্যাব-১৩-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গত শনিবার বিকালে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ শহিদ ওসমান হাদি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, রংপুর জেলা তারাগঞ্জ থানার দক্ষিণ ঘনিরামপুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রুপলাল রবিদাস এবং প্রদীপ লাল সম্পর্কে ভাতিজী জামাই। তারা ২০২৫ সালের ৯ আগস্ট রাতে ভ্যানে করে রংপুর জেলার মিঠাপুকুর থেকে বাড়িতে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে ৫নং সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে তাদের সন্দেহ করে এলাকার কিছু মানুষ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সেখানে থাকা দুর্গন্ধযুক্ত পানীয় পাওয়া যায়। সেই পানির গন্ধে উপস্থিত কয়েকজন তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা তাদের ওই সময় রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে লাঠি-সোটা ও লোহার রড দ্বারা গণপিটুনি দিলে একপর্যায়ে রুপলাল রবিদাস এবং প্রদীপ লাল গুরুতর জখমপ্রাপ্ত হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের তারাগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রুপলালকে মৃত ঘোষণা করেন এবং প্রদীপ লালকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।