ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যেরভিত্তিতে গত রোববার বিকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন কারিগাঁও বিওপির একটি টহলদল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৫৪/৭-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে কারিগাঁও এলাকার একটি ভুট্টাখেতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ২টার দিকে ৪২ বিজিবির অধীন ফকিরগঞ্জ বিওপির একটি টহলদল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৩৪১/৬-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপদইল গ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া এসব মাদকের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত