ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এসএ পরিবহনের কুরিয়ার থেকে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আটক দুই
এসএ পরিবহনের কুরিয়ার থেকে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ফেনীতে এসএ পরিবহনের একটি পার্সেল গুদামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট ও আতশবাজি জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার এসএ পরিবহনের মহিপাল শাখায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

এ ঘটনায় এসএ পরিবহনের ওই শাখার ম্যানেজার আতিকুর রহমান (৩৭) ও সহকারী ম্যানেজার ফারুক হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। আটক আতিকুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার আকমুল গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং ওমর ফারুক নোয়াখালী সদর উপজেলার দেবীপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল এসএ পরিবহনের মহিপাল শাখার পার্সেল গোডাউনে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে বিভিন্ন কার্টনে রাখা শাড়ি, থ্রি-পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেশওয়াশ এবং বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়। এসব চোরাই পণ্যের বাজার মূল্য এক কোটি দুই লাখ ১৫ হাজার ৮০০ টাকা। অভিযানকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। তিনি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আটককৃত মালামাল ও ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া গত মঙ্গলবার রাতে জেলার ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আরও ২ লাখ ১৯ হাজার ৬ টাকার মাদক ও অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত