ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সুরেশ্বর দরবার শরীফের পীর অস্ত্রসহ গ্রেপ্তার

সুরেশ্বর দরবার শরীফের পীর অস্ত্রসহ গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর তৌহিদুল হোসেন শাহীন নূরীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল আসামি। গতকাল বুধবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। নড়িয়া থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ অক্টোবর বিকালে নড়িয়ার ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাভর্তি অবস্থায় জয়নাল সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত জয়নাল সরকারের মেয়ে ইভা আক্তার। মামলার পর তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে। এর মধ্যে রবিন শেখ নামে একজনকে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী সুরেশ্বর দরবার শরীফের পীর তৌহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ শাহীন নূরীর কাছ থেকে ১৩৩টি শটগানের খালি কার্তুজ, ১টি চাকু, ৬টি হার্ড-ড্রাইভ, ১টি এসএসডি, ৪টি ওয়াকিটকি সেট, ১টি ডিভিআর, ৭টি মোবাইল সেট, ২টি স্লিংসট রাইফেল উদ্ধার করা হয়েছে। এছাড়া শটগানের বিভিন্ন অংশ ও শটগানের বক্স জব্দ করা হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, একটি হত্যা মামলার আসামি হিসেবে শাহীন নূরীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বিপুল পরিমাণ কার্তুজসহ অস্ত্র সদৃশ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত