
চুয়াডাঙ্গা জেলার দর্শনা-জীবননগর মহাসড়কের উথলী মোল্লাপাড়া নামক স্থানে শিয়ালের সঙ্গে আলমসাধুর ধাক্কায় সন্ধ্যা রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সন্ধ্যা রানী দর্শনা থানাধীন দর্শনা পৌর শহরের রামনগর কালিদাসপুর এলাকার দুলাল ওরফে ঘটের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার রাতে সন্ধ্যা রানীসহ ১৫-১৬ জন ঝিনাইদহ জেলার খালিশপুর থেকে আলমসাধু যোগে বাড়ি ফেরার পথে জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি নামক স্থানে পৌঁছায়। এ সময় একটি শিয়াল রাস্তা পার হওয়ার সময় আলমসাধুকে ধাক্কা দিলে আলমসাধু উল্টে ঘটনাস্থলেই সন্ধ্যা রানী নিহত হয়।