ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ঘুষের ৮ লাখ টাকাসহ শিক্ষক আটক

রংপুরে ঘুষের ৮ লাখ টাকাসহ শিক্ষক আটক

রংপুরে ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন কুড়িগ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। গতকাল সোমবার বিকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে পুলিশের হাতে তুলে দেন। তিনি জানান, ‘আটক ওই ব্যক্তি কুড়িগ্রামের রৌমারী উপজেলার শিক্ষক মাইদুল ইসলাম। রোমারী উপজেলার সদর ইউনিয়নের কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওভুক্তির বিষয়ে কথা বলতে গত সপ্তাহেও আমার দপ্তরে এসেছিলেন। আজ আবারও এসে আমার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ব্যাগে থাকা আট লাখ টাকা আমাকে নেওয়ার জন্য বলেন এবং এমপিওভুক্তির জন্য কাজ করতে অনুরোধ করেন। বিষয়টি মেনে নিতে না পেরে পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।’

এ বিষয়ে মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি জানতাম না যে ম্যাডাম ঘুষ নেন না। তাকে আট লাখ টাকা ঘুষ দিতে চাওয়াটা আমার অন্যায় হয়েছে।’ রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন রংপুরের উপ-পরিচালক মো. শাওন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সত্যতা পাই।

এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত