
ইউপি সদস্য হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল সাফল্য অর্জন করেছেন জামায়াতে ইসলামীর নেতা মো. আব্দুল গফুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে বিজয়ী হন। কুষ্টিয়া-২ আসনে তিনি ১ লাখ ৯২ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পান ১ লাখ ৪৩ হাজার ৮২১ ভোট। রাজনীতির মাঠে অত্যন্ত জনপ্রিয় এই নেতার নির্বাচনি যাত্রা শুরু করেন ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামে জন্ম নেওয়া আব্দুল গফুর প্রথমে সমাজের সিদ্ধান্তে হঠাৎ করেই ইউপি সদস্য প্রার্থী হন। তরুণ বয়সে, কোনো প্রস্তুতি ছাড়াই ইউপি নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারেই জয় পান। পরে একই পদে পরবর্তী নির্বাচনে আবারও নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯০ সালের পর সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।
একটানা ১৫ বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ওই নির্বাচনে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি আবারও জয়ী হন এবং পাঁচ বছর সফলভাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ স্থানীয় সরকার অভিজ্ঞতা ও সাংগঠনিক জনপ্রিয়তার ভিত্তিতে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুরকে এবার কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করে তিনি ইউপি সদস্য থেকে উপজেলা চেয়ারম্যান, সেখান থেকে সংসদ সদস্য হয়ে রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। ভবিষ্যতে এলাকার উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও জনসেবায় নিজেকে আরও নিবেদিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই নতুন সংসদ সদস্য।