
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার শাহবাজপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন ও তার মা হাসিনা বেগম। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরো তিনজন আহত হয়েছে। আহতরা হলেন একই গ্রামের আমজাদ হোসেন ছেলে চাঁদ তার ছেলে হৃদয় একই গ্রামের নিলুফা। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুরের প্রথম গেইট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে চালকসহ দুইজন মারা যান।