
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ ঘর থেকে ইউসুফ আলী বুলু রাঢ়ী নামের এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ আলী উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাবুরহাট এলাকার নিজ বাড়িতে বসবাস করতেন ইউসুফ আলী বুলু রাঢ়ী। সোমবার গভীর রাতে নিজ কক্ষে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন। পরে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার আগে গত সোমবার রাতে ইউসুফ আলী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, যদি ভুলবশত কারও সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। তার এই স্ট্যাটাসকে ঘিরে এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সম্প্রতি ইউসুফ আলীর সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। এসব ঘটনার জের ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যান। তিনি বলেন, গত কয়েক দিন ধরে ইউসুফ সবার সঙ্গে কিছুটা অসংলগ্ন আচরণ করছিলেন। সোমবার রাতে তিনি একটি ছুরি হাতে নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে ঘরের ভেতরেই এ ঘটনা ঘটে। রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে এটি অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত সম্পর্কজনিত জটিলতা থেকে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, একজন স্থানীয় রাজনৈতিক নেতার এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।