ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর এলাকায় আনন্দের জোয়ার

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর এলাকায় আনন্দের জোয়ার

পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত জনপ্রিয় নেতা আহম্মদ সোহেল মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করায় এলাকায় বইছে আনন্দের জোয়ার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এই নতুন দায়িত্ব প্রাপ্তি এলাকাবাসীর জন্য এক বড় প্রাপ্তি। এলকাবাসীর দাবী পিরোজপুরসহ সারা দেশের গৃহায়ন ও অবকাঠামো খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হোক।

নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভায় কারা দায়িত্ব পাচ্ছেন এ নিয়ে দক্ষিণাঞ্চলজুড়ে চলছিল জোর আলোচনা ও প্রত্যাশা। পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছাড়াবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত এই তরুণ মেধাবী সংসদ সদস্যকে মন্ত্রিসভায় দেখতে চেয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অবশেষে তাদের সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটল মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে।

আহম্মদ সোহেল মনজুর সুমনের রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার পিতা নূরুল ইসলাম মঞ্জুর ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান। তিনি ১৯৯৬ সালে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামিম সাঈদীকে পরাজিত করে বিজয় অর্জন করেন। মানুষ এই জয়কে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন। ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন বলেন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তিগত যোগ্যতার সমন্বয়ে প্রতিমন্ত্রী হিসেবে আহম্মদ সোহেল মনজুর সুমনের দায়িত্ব গ্রহণ দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন গতি আনবে। অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মানান বলেন, পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত আহম্মদ সোহেল মনজুর সুমনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্তি এলাকার জন্য গর্বের বিষয়। আমরা আশা করি তার নেতৃত্বে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৃহায়ন ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন এটাই স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত