
সিরাজগঞ্জের চাঞ্চল্যকর শিশু ছাত্র তামিম হোসেন হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামের হাফিজুল ইসলাম, ফিরোজ আকন্দ ও চকপাঙ্গাসী গ্রামের জহুরুল ইসলাম। এছাড়া একই মামলার অপর আসামি মান্নান আকন্দকে ২ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় দেন। ওই আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে স্কুল ছাত্র তামিম হোসেন একই এলাকার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। পরদিন সকালে পুলিশ একই এলাকার সরিষার ক্ষেতের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার গলায় রশি মোড়ানো ও মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। এই মর্মে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ এ মামলার তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনাননি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় গোষণা করেন।