
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বাস্তবায়নে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম বাদী হয়ে এ মামলা করেন। গত বৃহস্পতিবার রাতে কমলনগর থানায় দায়ের হওয়া এ মামলায় উপজেলার ফজুমিয়ারহাট এলাকার বাসিন্দা বিএনপি কর্মী নোমান হাওলাদার, তার ছেলে সিয়াম হাওলাদার ও রাহি হাওলাদারকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারে বিএনপি কর্মী নোমান হাওলাদার ও তার ছেলেরা হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না পেয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায়। এ সময় তার মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারধরসহ শ্লীলতাহানি করে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর তারা দলীয় প্রভাব খাটিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেছিল এবং তা না পেয়ে ব্যবসায়ীর মোটরসাইকেল ভাঙচুরও করে।
মামলার বাদী চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান, আসামিরা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করছেন। কিন্তু স্থানীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম এসবের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ লক্ষ্যে সাংসদ নিজানের নির্দেষে তিনি এ আইনি পদক্ষেপ নিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ দলীয় প্রভাব খাটিয়ে অপরাধ করার সাহস না পায়। তিনি বলেন, এর আগেও ১৬ ফেব্রুয়ারি রামগতি উপজেলায় একই ধরনের অভিযোগে এমপির নির্দেশে বিএনপির ৮১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় দুইজন গ্রেপ্তার হয়ে এখন হাজতবাস করছেন।
এদিকে এসব বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বার্তা হচ্ছে দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে তা সহ্য করা হবে না। বিএনপি একটি সুশৃঙ্খল দল। যারা চাঁদাবাজি, সন্ত্রাস বা সাধারণ মানুষের ওপর নির্যাতনে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে দল ও প্রশাসন কঠোর হবে। নিজ দলের কেউ অপরাধ করলে তাকে আরও বেশি শাস্তির মুখোমুখি হতে হবে। কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।