
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে সাড়ে তিন হাত মাটির নিচে গেড়ে ফেলার প্রকাশ্য হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শনিবার উপজেলার বাচোর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্থানীয় ইউপি সদস্য আক্কাছ আলীর সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারকে উত্তেজিত অবস্থায় মেম্বার আক্কাছ আলী কে বলতে শোনা যায়- আব্বা ডাকবেন আইসে পিআইও যে কি জিনিস তাকে আব্বা ডাকবেন, আমি পিআইও যদি চেয়ারম্যানকে বলি রাত দুইটায় আসব দরকার হয় সে ১২টা থেকে দাড়াই থাকবে। আমি প্রথম শ্রেণির কর্মকর্তা আমার টাইম নাই চেয়ারম্যান আর মেম্বারকে হিসাব করার। একদম গাড়ে ফেলব সাড়ে তিন হাত মাটির নিচে। আপনার চেয়ারম্যান এমনি পালাই পালাই বেড়াই না। বলি গেলাম আপনিও পালায় বেড়াবেন। আপনার মেম্বারি খাইতে আমার একটা চিঠি দরকার, একজন অফিসারকে এত সহজ মনে করিয়েন না চেয়ারম্যান কেই গুণি না আর আপনি তো মেম্বার। এই এলাকাবাসী কেউ বলি গেলাম সে যদি মেম্বারি করতে পারে। আমার একটা চিঠিই যথেষ্ট, আমার একটা চিঠি ঢাকায় যাইতে যতখন সময় লাগে ততখনেই ওই সাসপেন্স হয়ে যাবে। আমি আপনাকে দেখায় দিব প্রমাণ করে দিব আপনার মেম্বারি খাব তারপর আপনাকে জেলের ভাত খাওয়াব, আমার যে কতো ক্ষমতা এইবার দেখবেন।
মাটিতে পুঁতে ফেলার হুমকি পেয়ে ইউপি সদস্য আক্কাছ আলী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে বক্তব্য নিতে রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকারের বলেন- বক্তব্য নিতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেনি। ঘটনা বিষয়ে ইউএনও খাদিজা বেগম বলেন আমি কিছু জানি না।