
সেবা প্রত্যাশীদের ভোগান্তি ও সরকারি হাসপাতালের অনিয়মের খবরে হঠাৎ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর বেশে হাজির মুন্সীগঞ্জ-০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে অনেকটা তাড়াহুড়ো করে ছুঁটে আসেন চিকিৎসকরা। সংসদ সদস্যের বিভিন্ন প্রশ্নে রীতিমতো হতভম্ব চিকিৎসক। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে এমন চিত্র দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপেক্সটিতে। এ সময় হাসপাতালের দালাল চক্রসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে সংসদ সদস্যের কাছে ছুটে আসেন সাধারণ রোগীরা। প্রশ্ন তোলেন চিকিৎসকদের বিভিন্ন স্বেচ্ছাচারিতা ও দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে।
এছাড়া ভুক্তভোগী সেবা প্রত্যাশীরা অভিযোগ জানান- নির্ধারিত সময়ে চিকিৎসক না পাওয়া, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ঔষধ না পাওয়া ও দালাল চক্রের বেপরোয়া দৌরাত্মসহ নানা অনিয়মের। এ সময় মুন্সীগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অবহেলার কথা জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সদের হাজিরা বহি চেক করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ওয়ার্ড ও কেবিন পরিদর্শন করেন। রোগীদের খোঁজখবর নেন কারও কোনো অভিযোগ আছে কি না রোগীদের নিকট জানতে চান। হাসপাতালে পরিচালক ডাক্তার জামশেদ ফরিদী হাসপাতালের বিভিন্ন বিষয় সংসদ সদস্যকে অবহিত করেন এবং ঘুরে ঘুরে দেখান। সংসদ সদস্য হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে জোর দেন তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিব এখানে যাতে হাসপাতালে পরিবেশ পরিচ্ছন্ন থাকে। ইউএনও ও ডিসি সাহেবের সঙ্গে আলোচনা করে হাসপাতালে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য দুইজন আনসার দেওয়ার ব্যবস্থা করা হবে। হাসপাতালে যেন কোনো ব্রোকার না প্রবেশ করতে পারে সে বিষয়ে সিরাজদিখান থানার ওসিকে দেখভাল করার নির্দেশ প্রদান করেন।