ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গভীর সমুদ্রে ডাকাতদের হামলায় পাথরঘাটার দুই জেলে গুলিবিদ্ধ

গভীর সমুদ্রে ডাকাতদের হামলায় পাথরঘাটার দুই জেলে গুলিবিদ্ধ

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সশস্ত্র ডাকাতদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার সকাল আনুমানিক ৬টার দিকে বঙ্গোপসাগরের মংলা বয়ার পশ্চিম পাশে, পাথরঘাটা উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নুর আলম খান, পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের বড় টেংরা হাজির খাল ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শাহজাহান, একই ইউনিয়নের চরলাঠিমারা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গুলিবিদ্ধ নুর আলম খানকে গতকাল সোমবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। জানা গেছে, কালমেঘা ইউনিয়নের পশ্চিম গুটাবাছা এলাকার দুলাল হাওলাদারের মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে তারা মাছ ধরছিলেন। ট্রলারটিতে মোট ১৪ জন জেলে ছিলেন।

গুলিবিদ্ধ নুর আলম খান জানান, তারা মংলা বয়ার পশ্চিম দিকে মাছ ধরার সময় হঠাৎ একটি ট্রলার তাদের ধাওয়া করে। কাছে আসতেই তারা বুঝতে পারেন, সেটি একটি সশস্ত্র ডাকাত দলের ট্রলার। পরিস্থিতি অনুকূলে না থাকায় জেলেরা জাল কেটে দ্রুতগতিতে ট্রলার চালিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে ডাকাতরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। নুর আলমের দাবি, ডাকাতরা ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন এবং শাহজাহান চোখে গুলিবিদ্ধ হন। নুর আলমের ধারণা, ডাকাত দলের ট্রলারটিতে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ছিল। একপর্যায়ে জেলেদের ট্রলারটি ধরতে ব্যর্থ হয়ে ডাকাত দল সরে যায়। পরে আহতদের নিয়ে ট্রলারটি মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত