
নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার দিনব্যাপী এই অভিযানে ১১টি ইঞ্জিনচালিত নৌকা, ৬টি স্যালোমেশিন, ৫টি সিক্স-সিলিন্ডার মেশিন বিনষ্ট করা হয়। জানা যায়, বেশ কিছুদিন থেকে তিস্তা নদীর একাধিক স্থানে প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ডিমলা থানা পুলিশ, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ডিমলার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে ১১টি ইঞ্জিনচালিত নৌকা, ৬টি স্যালোমেশিন ও খালিশ চাপানী ইউনিয়নে ৫টি সিক্স-সিলিন্ডার মেশিন বিনষ্ট করা হয়। একই সময় পাথর উত্তোলন কাজের ব্যবহৃত বেশকিছু সরঞ্জামও জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবিরের নেতৃত্বে অভিযানে ডিমলা থানার এসআই রেজাসহ সঙ্গীয় ফোর্স, বার্নিঘাট বিওপির সুবেদার সাইফুজ্জামানসহ বেশকিছু বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদী থেকে পাথর উত্তোলন বেআইনি। তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।