ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কালিয়াকৈরে ১৮ দোকান পুড়ে ছাই

কালিয়াকৈরে ১৮ দোকান পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শুক্রবার ভোর রাতে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওই বাজারের ১৮টি দোকান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। অপর দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় তাদের ওপর আক্রমণ করে উত্তেজিত জনতা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার গাছবাড়ী বাজারে গতকাল শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে প্রথমে মনির হোসেনের দোকানে হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় পথচারীরা আগুন জ্বলতে দেখে ডাকাডাকি করলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পরে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মরীরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ার অভিযোগ তুলে জনতা লাঠিসোঁঠা নিয়ে তাদের ওপর উপর আক্রমণ শুরু করে। পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে আগুনে ওই বাজারের ব্যবসায়ী আজমত আলী, কমল, বাচ্চু, মনির হোসেন, আব্বাছ আলী, ফয়সাল আহাম্মেদ, আশরাফুল আহাম্মেদ, আব্দুল কদ্দুস মিয়া, আলহাজ হোসেনেরসহ মোট ১৮টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর ইফতেখার রায়হান চৌধুরী জানান, ওই বাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা মাত্র উত্তেজিত জনতা লাঠিসোঁঠা নিয়ে আমাদের ওপর ও আমাদের গাড়িতে আক্রমণ শুরু করে। পরে তাদের বুঝিয়ে শান্ত করে প্রায় ১ ঘণ্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত