
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার বিকালে ভাণ্ডারিয়া পৌরসভার পূর্ব লক্ষ্মীপুরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। জলিল সিকদারের টিনশেড কাঠের বসতঘর এবং তার প্রতিবেশী মো. মাহবুব সিকদারের টিনশেড বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয় সূত্র জানায়, রহস্যজনকভাবে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা বলেন, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী জলিল সিকদার জানান, আগুনে তার ব্যবসার প্রায় ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তিনি কাউকে দায়ী করছেন না এবং আইনি সহায়তাও নেবেন না।