
গরিব, দুস্থ ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। আয়োজকরা জানান, প্রতি শুক্রবার এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ কার্যক্রম চালু রাখার আহ্বান জানান। পরে সংসদ সদস্য তারাগঞ্জে নিখোঁজ হয়ে হত্যাকাণ্ডের শিকার ইলেকট্রিশিয়ান মনজুরুলের অনন-পুর গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।