
ফরিদপুরের বোয়ালমারীতে জুটমিলে পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করিয়ে কিশোর শ্রমিককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গত বুধবার মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে কর্মরত ১২ বছর বয়সী শ্রমিক মো. সজিব ওরফে শরীফ কাজ শেষে কম্প্রেসার মেশিনের হাওয়াই পাইপ দিয়ে শরীরের ধুলাবালি ও পাটের ময়লা পরিষ্কার করছিল। এ সময় অভিযুক্ত রিহাত শেখ ও তার এক সহযোগী মিলে কিশোরটির পায়ুপথে কম্প্রেসারের উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। এতে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, উচ্চচাপের বাতাসের কারণে তার অন্ত্রে একাধিক স্থানে ছিদ্র হয়ে যায় এবং গুরুতর অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটে। অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পিতা বোয়ালমারী থানায় মামলা দায়ের করলে ২৬ ফেব্রুয়ারি পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।
র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই মাগুরার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।