ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় বেশিরভাগ পাম্পে তেল নেই

চুয়াডাঙ্গায় বেশিরভাগ পাম্পে তেল নেই

চুয়াডাঙ্গা জেলাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ জ্বালানি তেল সংকট। চাহিদার তুলনায় সরবরাহ তলানিতে নামায় জেলার অধিকাংশ ফিলিং স্টেশন এখন প্রায় তেলশূন্য। মাঝেমধ্যে ডিপো থেকে সীমিত পরিমাণ তেল আসছে যা গ্রাহকদের জ্বালানি তেলের চাহিদা পূরণ করতে পারছে না। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন যানবাহন চালক ও কৃষকরা। এদিকে দিনের বেশিরভাগ পাম্পে তেল নেই বলে, বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হচ্ছে পাম্পগুলো। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পাম্পগুলোতে দেখা গেছে ক্রেতাদের লম্বা লাইন। পাম্প মালিকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহ ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে চুয়াডাঙ্গার বিভিন্ন তেল পাম্পগুলো ঘুরে দেখা যায়, অধিকাংশ পাম্পের সামনে ‘তেল নেই’ লেখা সংবলিত বোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। যে কয়েকটি পাম্পে তেল অবশিষ্ট আছে, সেখানেও জনপ্রতি সর্বোচ্চ ২০০-৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তেলের আশায় পাম্পগুলোতে ভিড় করছেন মোটরসাইকেল ও ট্রাক চালকরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকে আবার তেলশূন্য বাইক রাস্তায় রেখে বোতল হাতে পাম্পে ছুটে আসছেন তেল পাবার আশায়। কিন্তু পাম্পে এসে দেখতে পাচ্ছেন ভিন্ন চিত্র, লম্বা লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। কিছু কিছু জায়গায় তেল পাওয়া গেলেও সেখানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তেল বিক্রি করা হচ্ছে।

চুয়াডাঙ্গা মূলত কৃষিপ্রধান অঞ্চল। বর্তমানে সেচ মৌসুম চলায় ডিজেলের চাহিদা তুঙ্গে। তেল না পাওয়ায় সেচ পাম্পগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা বোরো আবাদে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে, পরিবহন চালকদের অভিযোগ তেল সংকটের অজুহাতে কোনো কোনো জায়গায় চড়া দামে তেল বিক্রি করা হচ্ছে।

চুয়াডাঙ্গার মেসার্স মোজাম্মেল হক পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মামুন হোসেন জানান, গতকাল ৩ হাজার লিটার পেট্রোল ও ৩ হাজার লিটার অকটেন এবং সাড়ে ৪ হাজার লিটার ডিজেল তেল এসেছিল। রাত থেকে বিক্রয় শুরু হয়ে বেলা আড়াইটার মধ্যে সব বিক্রি শেষ। দিনরাত সবসময় ক্রেতাদের উপস্থিতি ছিল ব্যাপক।

ডিপো থেকে তেল না আসলে আমরা দেব কোত্থেকে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আমদানি কম হচ্ছে বলে আমাদের জানানো হয়েছে। আবারও রিকোজিশন দেওয়া হয়েছে আজকে রাত বারোটার মধ্যে তেল চলে আসবে আশা করি। তেল আপলোড হওয়ার পরপরই ক্রেতাদেরকে এই তেল বিক্রয় করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত