ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার ১১ গরু উদ্ধার

গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার ১১ গরু উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আরও ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ প্রথম দফায় অভিযান চালিয়ে ৬টি চোরাই গরুসহ মো. কামরুল হাওলাদার ও সাইদুল আকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে নতুন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রাম থেকে ৭টি এবং কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রাম থেকে ৪টিসহ মোট ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়।

এ সময় উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের জাকির জোমাদ্দারে ছেলে শামীম জোমাদ্দার, একই এলাকার হারুন বায়াতীর স্ত্রী তাছলিমা বেগম এবং কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের মৃত ইংগুল উদ্দিন আকনের ছেলে বেলায়েত আকনকে গ্রেপ্তার করা হয়।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে। পাশাপাশি গরু চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত