
দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলতি বছর ১৫০০ কিলোমিটার খাল খনন করা হবে। ৫ বছরে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খালগুলো খনন হলে যে বনায়ন করা হবে যার সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা পানির মাছ ও বনায়নের লাভ্যাংশ ভোগ করবেন। খালের উপরিভাগের পানিতে হবে কৃষি কাজ, মাছ চাষ ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে। অর্থনীতিতেও রাখবে ব্যাপক অবদান।
গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটা কর্মসুচির উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে খাল খনন শুরু হয়েছে।
ত্রাণমন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এ খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি নিজে সারাদেশে ঘুরে খাল খনন করেন। এটি মুলত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকল্প। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।