ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

টর্চ লাইটের আলো নিয়ে বিতণ্ডা যুবক নিহত

টর্চ লাইটের আলো নিয়ে বিতণ্ডা যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলের টর্চ লাইটের আলো চোখে পড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে মো. মুসাব্বির ওরফে বাবলু নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুসাব্বিরের আরও দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। গত রবিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের সুরতেহাল প্রস্তুত করেছে পুলিশ।

নিহতের পরিবার ও আহতরা জানান, গত শনিবার ঈদের দিন হওয়ায় মুসাব্বির তার বন্ধুদের নিয়ে ঘুরাফেরা করছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা অতিক্রম করার সময় অন্ধকার পথ চলতে গিয়ে মোবাইলের টর্চ লাইটের আলো জ্বালায় সে। এসময় সড়কের পাশে বড়নগর গ্রামের তাকবির, তানভীরসহ তাদের বন্ধুরা আড্ডা দিচ্ছিল। মোবাইলের টর্চ লাইটের আলো তাদের চোখে পড়ায় তার ক্ষিপ্ত হয়। এ নিয়ে তানভীর ও তাকবিরের সাঙ্গে মুসাব্বির ও সুজনের তর্কবিতর্ক হয়। এসময় স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়। পরে রাতে মুসাব্বির ফের তার কয়েকজন বন্ধুদের নিয়ে গোজিয়াখাই এলাকার একটি দোকানে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাকবির, তানভীর, হাসানসহ কয়েকজন তাদের উপর হামলা চালায়। এসময় তারা ধাড়ালো ছুরি দিয়ে মুসাব্বির ও তার দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়াকে আঘাত করে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন মুসাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতাবস্থায় মাসাকিন ও সুজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, নিহতের লাশ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত