
যশোর-৬ কেশবপুরের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে গালিগালাজ করায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম নাঈম হোসেন। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চাঁদ আলী শরীফের ছেলে। তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুরের প্রাণিসম্পদ অফিসের সামনে ত্রিমোহিনী সড়কের পাশে গাড়ি রেখে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী ওষুধ কিনছিলেন। তিনি ওষুধ কিনে তার গাড়ির পাশে আসা মাত্র সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসা নাঈম হোসেন নামের ওই যুবক মদ্যপ অবস্থায় সংসদ সদস্যকে গালিগালাজ শুরু করেন।
এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনা তাৎক্ষণিক জানাজানি হলে সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তার অনুসারীরা শহরের টাইগার মোড় এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই যুবকের গাড়ি তাল্লাশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার গাড়িটিও জব্দ করা হয়েছে।