
কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ কয়েকটি উপজেলায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। গত মঙ্গলবার বিকালে ও সন্ধ্যায় দুই দফা বজ্রসহ বৃষ্টি হয় জেলার হাওর অধ্যুষিত উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে।
এছাড়াও জেলা সদর, পাকুন্দিয়া এবং কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি হয়। এসময় বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পরে বোরো ধানের জমির আশপাশ ও রাস্তা-ঘাট সাদা রঙে ছেয়ে যায়। কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাল ড. সাদিকুর রহমান জানান, হাওরসহ জেলার কয়েকটি উপজেলায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এর মধ্যে হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় শিলার পরিমাণ সবচেয়ে বেশি ছিল। যে বোরো ধানের ফলন শুরু হয়েছে সেগুলো ক্ষতির আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, তবে কি পরিমাণ বোরো ফসলের ক্ষতি হতে পারে তা এই মূহুর্তে বলা সম্ভব হচ্ছে না। এরইমধ্যে প্রতিটি উপজেলা কৃষি অফিসারদের আগামীকাল সকাল নয়টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রতিবেদন হাতে পেলে বোরো ফসলের ক্ষতির বিস্তারিত পরিমাণ জানা যাবে।