ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ট্রেনের ছাদে উঠে পাহাড় দেখতে গিয়ে যুবকের মৃত্যু

ট্রেনের ছাদে উঠে পাহাড় দেখতে গিয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কোরআনে হাফেজ জুবায়ের আহমেদ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে এ এলাকার রেল সেতুর নিচের গাইড ওয়ালের ঝোঁপ থেকে যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত যুবক কোরআনে হাফেজ জুবায়ের আহমেদ কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, গতকাল দুপুরে মাগুরছড়া পুঞ্জি এলাকায় রেলসেতুর নিচের ঝোঁপে স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত যুবকের লাশ প্রথমে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়রা জানায়, জুবায়ের একজন কোরআনে হাফেজ। গতকাল সকালে কয়েকজন বন্ধু মিলে শ্রীমঙ্গলে ঘুরতে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আন্তঃনগর পারাবত ট্রেনে কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে ফেরার পথে অন্য বন্ধুরা ট্রেনের ভেতরে গেলেও জুবায়ের ট্রেনের ছাদে উঠে যায়। ট্রেনটি লাউয়াছড়া পাহাড় অতিক্রম করার সময় পাহাড়ের ভেতরে গাছের ডালের সঙ্গে বাড়ি লেগে সে নিচে পড়ে সেতুর গাইড ওয়ালে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, ‘লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত