ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের ডাকযোগে কাফনের কাপড় ও জীবননাশের হুমকি সংবলিত চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আগামী ১০ এপ্রিল নির্ধারিত বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফের স্বাক্ষরিত এক নোটিশে এ স্থগিতাদেশের ঘোষণা দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১০ এপ্রিল নির্ধারিত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর, অরুচিকর ও শিষ্টাচারবহির্ভূত আচরণ এবং নির্বাচন অনুষ্ঠান হতে না দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচনের দিন ভয়াবহভাবে প্রতিরোধ করার হুমকিও দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যদের ডাক বিভাগের জিইপি চিঠির মাধ্যমে এবং বাসভবনের দরজার নিচ দিয়ে জীবননাশের হুমকিসংবলিত চিঠি দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় বলে নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ এপ্রিল নির্ধারিত নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিতে জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আ. লতিফ ফরাজীর নাম উল্লেখ করে লেখা হয়েছে, নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাতানো নির্বাচন বন্ধ কর, নতুবা তোমাদের পরিণতি সাদা কাফন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত