
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়ায় পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভীসের ডুবরি দল। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. আরাফাত (১৭)। সে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।
গতকাল রোববার দুপুর ২টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আরাফাত তার তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।