ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কাপাসিয়ায় চার ডাকাত গ্রেপ্তার

কাপাসিয়ায় চার ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রইভেটকারসহ চার ডাকাত গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্লাস্টিকের খেলনা পিস্তল, শর্টগান, চাপাতি এবং মাস্টার চাবিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। থানা পুলিশ জানায়, গত শনিবার রাত ২টার দিকে কাপাসিয়া থানার এএসআই নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা সাকিনস্থ চেরাগআলী মোড়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশে প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী ডিউটিরত এসআই মো. মিলন মিয়া ও তার ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি ধূসর রঙের (ঢাকা মেট্রো-গ-১২-৬৪০২) প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তাররা হলেন- শেরপুর জেলার মো. সাগর (২৪), টাঙ্গাইল জেলার মশিউর রহমান জুয়েল (৩৫), গাজীপুরের বরুদা এলাকার নওয়াব আলী (৬০), ময়মনসিংহ জেলার সাব্বির (১৫) জিজ্ঞাসাবাদে জানায় তারা প্রত্যেকেই বর্তমানে গাজীপুরের বিভিন্ন এলাকায় বসবাস করে। আসামিদের গতকাল রোববার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ব্যবহৃত একটি প্লাষ্টিকের খেলনা পিস্তল, একটি খেলনা শর্টগান, একটি চাপাতি, একটি এক্সারসাইজ স্টিক, একটি মাস্টার চাবি, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রইভেটকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে ডাকাত চক্রের এই ৪ সদস্য গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কাপাসিয়া এলাকায় বড় ধরনের ডাকাতি করার উদ্দেশেই তারা সেখানে জড়ো হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত