
নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের উত্তরপাড়া ফসলের মাঠ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়- দেউলিয়া গ্রামের কৃষক জোবাইদুল তার পটল খেত নিরাপত্তার জন্য বাঁশের খুঁশি দেওয়ার কাজ করছিলেন। এসময় তিনি খুঁন্তি দিয়ে মাটি খননের সময় শক্ত ধাতব বস্তুর উপস্থিতি অনুভুব করেন। এ বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা এক নজর দেখার জন্য সেখানে ছুটে যান। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো জংধরা ও অনেক পুরোনো। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।