
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডিগ্রি কলেজ হলরুমে গতকাল রোববার বিকালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। এখানে কোনো ধরনের তদবির চলবে না। তদবিরের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনে নিয়োগ বাতিল করে আমি এখান থেকে চলে যাব, তবুও কোনো অনিয়ম মেনে নেব না। কেউ যেন নিয়োগের নামে টাকা লেনদেন না করে। আর কেউ টাকা দিলেও তা আমার কাছে পৌঁছাবে না।
জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, দেশে প্রকৃতপক্ষে তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তারা তেল মজুত করে বেশি দামে বিক্রি করছে, যার ফলে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দুই বছরের মধ্যে জেলার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হবে। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকারত্ব অনেকাংশে কমে আসবে।