
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর জোনায়েদ (১৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল জোনায়েদ। সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর গত রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাদে আলীশার কামারপাড়া এলাকায় একটি ঘাসবাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। লাশ পাওয়ার পর তার বাবা ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে এদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।