
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করায় আ. সালাম নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত বাজারের লুমা মেশিনারীজ নামের একটি দোকানে ১১৬ টাকা লিটারের তেল (পেট্টোল) ২৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার দোকান থেকে ৩০ লিটার পেট্টোল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।