ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ

খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে যান্ত্রিক ত্রুটির জেরে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যস্ততম এই সড়কে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে গেলে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে সময়মতো চালক বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অ্যাম্বুলেন্সের চালক জানান, খালি গাড়িটি নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়লেও মুহূর্তের মধ্যে ভেতরে থাকা অক্সিজেন সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে কঙ্কালে পরিণত হয়। জনাকীর্ণ এলাকায় এমন আকস্মিক দুর্ঘটনায় পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত