ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শন

নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-বাঞ্ছারামপুর-আড়াইহাজার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন তৎপরতা শুরু করেছে।

গত শনিবার এরই ধারাবাহিকতায় প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। পরিদর্শন কালে তিনি সড়কটির প্রস্তাবিত এলাইনমেন্টসহ প্রকল্পের সামগ্রিক কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে সড়কের বাঁক নিয়ন্ত্রণ, ভূমির ব্যবহার এবং নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে তিনি নির্দেশ দেন, যেন দ্রুততম সময়ের মধ্যে জনদুর্ভোগ কমিয়ে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করা হয়। প্রকল্প পরিদর্শন শেষে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় এলাকাবাসী প্রকল্পের প্রতি তাদের সমর্থন জানানোর পাশাপাশি ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ নিয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

জেলা প্রশাসক মনোযোগ দিয়ে স্থানীয়দের কথা শোনেন এবং আশ্বস্ত করে বলেন- ‘সরকার জনস্বার্থেই এই বৃহৎ প্রকল্পটি হাতে নিয়েছে। সড়কের প্রশস্থকরণ সম্পন্ন হলে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের ন্যায্য অধিকার ও পাওনা টাকা দ্রুত নিশ্চিত হয় সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।’

এই আঞ্চলিক সড়কটি প্রশস্থ হলে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে যাতায়াত ব্যবস্থা আরও সহজতর হবে। দীর্ঘদিনের যানজট নিরসনের পাশাপাশি পণ্য পরিবহনে সময় ও খরচ অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত