ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

গতকাল বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ অপু বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ এর প্রভাব উল্লেখযোগ্য। এ পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বনভূমি রক্ষা এবং নতুন করে গাছ লাগানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্বিচারে বনভূমি ধ্বংস করায় পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। ফলে তাপমাত্রা বৃদ্ধি, অক্সিজেন সংকট, মাটির ক্ষয়, জীববৈচিত্র্যের ধ্বংস এবং নানা ধরনের পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটছে। তাই শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ কাজে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে এবং জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা পরিষদের প্রশাসক, সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু, পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। এ ছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, আগামী ২২ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার ৮টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও সুলভ মূল্যে বিক্রি করা হবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং অধিক হারে বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলেও জানান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত