ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গাজীপুর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

গাজীপুর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পরিবেশ উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাজেট উপস্থাপনকালে জানানো হয়, প্রস্তাবিত অর্থবছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। একই সঙ্গে অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা এবং বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। আয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব বা সাধারণ তহবিল থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি ভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ব্যয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব বা সাধারণ তহবিল খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। এই হিসাব অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা। এর আগে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছিল ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা, যার সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।

বাজেট বক্তৃতায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য গাজীপুরকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ এবং আধুনিক নাগরিক সেবার মানোন্নয়নে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব মহানগর হিসেবে গড়ে তোলার কার্যক্রম আরও বেগবান হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রধান কল্যাণ কর্মকর্তা (উপসচিব) মুসফিকা হাসনীন চৌধুরী, প্রধান প্রকৌশলী মো: আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানা, উপ সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন’সহ বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, ওইদিন সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রশাসক জনাব মো. শওকত হোসেন সরকার। সভায় গত কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয় এবং এর পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, ডিপিপি, রাজস্ব আদায়, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে এসব বিষয়ে বেশ কিছু সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় নগরবাসীর সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং মহানগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ সময় প্রশাসক মহোদয় নগরবাসীর নাগরিক সেবা আরও দ্রুত ও হয়রানিমুক্ত করার পাশাপাশি চলমান উন্নয়ন কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত