ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষা, সংস্কৃতির পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে

শিক্ষা, সংস্কৃতির পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে

জাতি গঠনে শিশু, কিশোর ও যুবকদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, জাতি গঠনে শিশু, কিশোর ও যুবকদের মধ্যে সাংস্কৃতিক, ক্রীড়া ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হচ্ছে।

গতকাল শুক্রবার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আগামী জানুয়ারি মাসে শিক্ষা কার্যক্রম শুরুর সময় অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় তিনটি বার্ষিক ক্যালেন্ডার করার উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে থাকবে বার্ষিক শিক্ষা কর্মসূচি, বার্ষিক সাংস্কৃতিক কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া কর্মসূচি।

তিনি বলেন, এর মাধ্যমে শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে। বিশ্ব দরবারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. নিজাম, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে অতিথিরা উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম তুলে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত