
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগ ও র্যাব সূত্রে জানা গেছে, প্রতিবেশী সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল রিপন মিয়া। পরবর্তীতে গত ৩০ জুলাই রাতে ওই কিশোরীকে জরুরী কথা আছে বলে মগড়া নদীর পাড়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে রাতেই কিশোরীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় রিপন মিয়ার বিরুদ্ধে নারী ও শিমু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পরপরই রিপন মিয়া আত্মগোপনে চলে যান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, কনটেইন ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার পর র্যাব- ১৪ ময়মনসিংহের গৌরীপর থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আজ শনিবার আদালতে পাঠানো হবে।